
মনোলোক ডেস্ক | লান্ডি কোটাল, পাকিস্তান : প্রকৃতির ইতিহাসে এমন অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে, যা শুনলে অবাক হতে হয়। তেমনই এক ব্যতিক্রমী নিদর্শন রয়েছে পাকিস্তানের লান্ডি কোটালে—একটি শতবর্ষী বটগাছ, যা প্রায় ১২৮ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে।
জনশ্রুতি অনুযায়ী, ১৮৯৮ সালে ব্রিটিশ শাসনামলে এক সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় এই অঞ্চলে অবস্থান করছিলেন। হঠাৎ তাঁর মনে হয়, বিশাল বটগাছটি যেন ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। আতঙ্ক ও বিভ্রান্তিতে তিনি সৈন্যদের নির্দেশ দেন গাছটিকে “গ্রেপ্তার” করার।
সেনা কর্মকর্তার সেই অদ্ভুত নির্দেশ পালন করতে সৈন্যরা গাছটির কাণ্ডে ভারী লোহার শিকল বেঁধে দেয়। এরপর কেটে গেছে এক শতাব্দীরও বেশি সময়। শেষ হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন, বদলে গেছে পৃথিবীর মানচিত্র, কিন্তু গাছটির শিকল আর খোলা হয়নি।
আজও সেই বটগাছের গায়ে ঝুলছে একটি বোর্ড, যেখানে লেখা আছে—
“I am under arrest” অর্থাৎ, “আমি গ্রেপ্তার অবস্থায় আছি।”
লান্ডি কোটালের এই শিকলবন্দী গাছটি এখন শুধু একটি কৌতূহলের বিষয় নয়; এটি ঔপনিবেশিক শাসনের অদ্ভুত ক্ষমতাচর্চা ও ইতিহাসের এক ব্যঙ্গাত্মক স্মারক হিসেবেও বিবেচিত হয়।
প্রতিদিন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী এই গাছটি দেখতে আসেন। নিঃশব্দে দাঁড়িয়ে থাকা গাছটি যেন ১২৮ বছর আগের সেই অদ্ভুত দিনের গল্প আজও বয়ে বেড়াচ্ছে।
Leave a Reply