মনোলোক ডেস্ক | নেত্রকোনা | ১১ জুন ২০২৬ :
নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার মগরা নদীর সেতুর দক্ষিণ পাশে জয় নগরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রল ও কেরোসিন ঢেলে আগুন লাগায় বলে অভিযোগ উঠেছে। তবে স্টিলের তৈরি হওয়ায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি; শুধু কিছু পোড়া দাগের চিহ্ন দেখা গেছে।
ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর পর স্থান ত্যাগ করছে। এ সময় আশপাশ থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি মো. আল মামুন সরকার জানান, কেরোসিন বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার প্রাথমিক আলামত পাওয়া গেছে। যেহেতু স্মৃতিস্তম্ভটি স্টিলের নির্মিত, তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মনোলোক পর্যবেক্ষণ:
জুলাই শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্ত শেষ হলে কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে—তা স্পষ্ট হবে।
— মনোলোক নিউজ ডেস্ক
Leave a Reply