
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন, চর নাসরিন, সিডার চর ও চর লাদেন এলাকার মানুষের চিকিৎসাসেবা সহজ করতে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে নৌ-অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালের ১৬ জানুয়ারি এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হলেও বর্তমানে শশীগঞ্জ স্লুইচঘাটের দক্ষিণ পাশে একটি খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়ভাবে দেখা গেছে, নৌ-অ্যাম্বুলেন্সটির বিভিন্ন জানালার কাঁচ ভাঙা, ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এবং ভেতরের রোগী ও স্বজনদের বসার আসনও নেই। দীর্ঘদিন রোদ-বৃষ্টি ও অবহেলায় পড়ে থাকায় এটি প্রায় ধ্বংসের মুখে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নৌ-অ্যাম্বুলেন্সটি অকেজো পড়ে থাকলেও চরাঞ্চলের মানুষের কোনো উপকারে আসেনি। জরুরি রোগী নিয়ে এখনও ট্রলারই একমাত্র ভরসা। বিশেষ করে রাতের বেলায় চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত জানান, তিনি যোগদানের আগ থেকেই নৌ-অ্যাম্বুলেন্সটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে জ্বালানি ও চালকের বরাদ্দ বন্ধ রয়েছে। তাঁর ভাষ্য, “নৌ-অ্যাম্বুলেন্সটি প্রায় মেরামতের অযোগ্য। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কী করা যায়, তা দেখা হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি নৌ-অ্যাম্বুলেন্সটি সংস্কার অথবা নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সংবাদদাতা: সুলাইমান পোদ্দার, তজুমদ্দিন (ভোলা)
Leave a Reply