
মনোলোক ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি রাস্তার পাশের কয়েকটি মূল্যবান বড় গাছ অবৈধভাবে কেটে ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এই গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে খবর পেয়েই দ্রুত অভিযান চালিয়ে কেটে রাখা বিপুল পরিমাণ গাছের কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন বা বন বিভাগের অনুমতি ছাড়াই আত্মারামপুর গ্রামের একটি গ্রামীণ রাস্তার পাশের বেশ কয়েকটি সরকারি বড় গাছ কেটে ফেলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। গাছগুলো কাটার পর চক্রটি দ্রুত কাঠ অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
অবৈধভাবে সরকারি গাছ কাটার খবর পেয়ে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, সরকারি রাস্তা ও ডোবা সংলগ্ন স্থান থেকে কেটে রাখা বিপুল পরিমাণ গাছের গুড়ি ও কাঠ জব্দ করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন ও কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান:
“সরকারি সম্পদ এভাবে ব্যক্তিস্বার্থে আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে কাটা কাঠ জব্দ করে সরকারি হেফাজতে নিয়েছি। এই পরিবেশ ও সরকারি সম্পদ বিনষ্টকারী ঘটনার সাথে জড়িতদের কঠোরভাবে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালী চক্রটি দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্ম করে আসছে। সরকারি গাছ চুরির ঘটনায় জড়িতদের শুধু কাঠ জব্দ নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
সংবাদদাতা: এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)।
সম্পাদনা: অনলাইন বিভাগ, মনোলোক।
Leave a Reply