
রোববার (২ আগস্ট) সকালে মুতিয়ারা সেন্টোসা-২ (Mutiara Sentosa 2) নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে রওনা হওয়ার পর সুমেনেপ অঞ্চলের জলসীমায় আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ২৩২ জন যাত্রী ও ৩৯ জন ক্রুসহ মোট ২৭১ জন আরোহী ছিলেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (Basarnas) জানায়, আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়া ও আগুনের মধ্যে আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে উদ্ধারকাজের অপেক্ষায় আছেন। কেউ কেউ জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন।
উদ্ধার অভিযানে আশপাশে থাকা টাগবোট, বাণিজ্যিক জাহাজ এবং পরে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ অংশ নেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
১৬০ মিটার দীর্ঘ এই ফেরিটি সুরাবায়া-মাকাসার রুটে নিয়মিত চলাচল করে এবং প্রায় ৪০ ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করে। দ্বীপ-নির্ভর দেশ ইন্দোনেশিয়ায় নৌযানই অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হলেও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
Leave a Reply