
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।
এ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং উদ্বোধনী পরিবেশনায় থাকবে রে রে। পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ পুরস্কার বিতরণের আয়োজনও থাকবে।
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই এ আয়োজন করা হয়েছে এবং সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন। অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হবে।
একই দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন-এয়ার কনসার্ট।
এই কনসার্টে পারফর্ম করবেন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেক শিল্পী ও ব্যান্ড।
দুটি আয়োজনই জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সংগীত, সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ উদ্যাপনের অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
Leave a Reply