মনোলোক | ঢাকা: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, দিবসটিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় রাজধানীজুড়ে পিকেটিং, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ডিবি ও সিটিটিসি সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। এছাড়া জনসমাগম বেশি হয় এমন এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ-স্কোয়াড বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।
ডিএমপি আরও জানিয়েছে, সকল অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি সাদা পোশাকে সিটিএসবি ও আইএডি-এর গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ডিএমপির অতিরিক্ত সদস্যদের পাশাপাশি র্যাব ও সিআইডি যৌথভাবে রাজধানীর নিরাপত্তায় মাঠে দায়িত্ব পালন করবে।
ডিএমপি জানিয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।
মনোলোক | সংবাদ ও সত্যের সন্ধানে…
Leave a Reply