
মধুপুর (টাঙ্গাইল) | মনোলোক: ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়নেশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জজ আদালতের সাবেক বিচারক জগদীশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি মৃগেন হাগিদক, কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক রোজি রুংমা, বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক থিওফিল নকরেক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ এম রতন হায়দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদি হাসান মিনজু।
জীবন, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান একটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবর্তনশীল সময়ের সঙ্গে অনেক ঐতিহ্য ও জ্ঞান হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তা সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তারা আদিবাসীদের অধিকার, মর্যাদা ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাংস্কৃতিক পরিবেশনা
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার নানা দিক তুলে ধরেন। ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: মনোলোক
ছবি: সংগৃহীত
Leave a Reply