মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি | মনোলোক : ঝালকাঠি সদর হাসপাতালে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে গভীর রাতে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার (৪০) ও মো. নাসির মল্লিক (৫০) নামে দুই যুবককে পুলিশ আটক করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের এক খালি শয্যা থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে একটি মোটরসাইকেলে করে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিক ব্যক্তি ধর্ষণ করে বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করে এবং থানায় খবর দেয়। পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তদন্ত শুরু করে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। আটক বেলাল সিকদার ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার মোবারক আলী সিকদারের ছেলে এবং নাসির মল্লিক বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী আগে হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী ছিলেন না, তবে আশ্রয়ের জন্য সেখানে অবস্থান করছিলেন। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply