মনোলোক | নওগাঁ : নওগাঁর পত্নীতলায় নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শ্যামল তিগ্গা (৪০)। তিনি পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে একটি সংযোগ সড়ক থেকে মূল আঞ্চলিক সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ‘জ্যোতি জিশান / An-Nur Express’ নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি বাসের সামনের বাম পাশের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায় এবং শ্যামল তিগ্গা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নজিপুর সরকারি হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ: আব্দুল আজিজ, নওগাঁ জেলা | মনোলোক
Leave a Reply