
সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেফতা মনোলোক: ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ২০০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৯ মে রাত ৯টায় ধামরাই থানার জয়পুরা এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে নাজমা (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এরপর রাত ১০টা ২০ মিনিটে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান তুহিন (৩৪) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
অভিযানের ধারাবাহিকতায় রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) নামে আরও একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া আজ ১০ মে রাত ১২টা ৩০ মিনিটে সাভার থানার হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকরাম বিশ্বাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নাজমার বিরুদ্ধে ৪টি এবং মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আরও ২টি করে মাদক মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Leave a Reply